সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সশস্ত্রবাহিনী গড়বেন প্রধানমন্ত্রী
সশস্ত্রবাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সংগ্রাম’ এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, “আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই এটা যেমন সত্য আবার যদি কেউ আমাদের উপর হামলা করে তা যেন আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই ।”
তিনি আরো বলেন, “আমাদের নিজেদেরকেও শিখতে হবে, প্রস্তুত হতে হবে, জানতে হবে, টেকনোলজি জানতে হবে এবং আমরাও যেন আগামীতে জাহাজগুলো নিজেরা তৈরি করতে পারি এবং আমরাও প্রয়োজনে এক্সপোর্ট করতে পারি সেই চিন্তাটাও আমাদের মাথায় থাকতে হবে।”
জাহাজশিল্পকে এগিয়ে নিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে দিয়ে দিই, পাশাপাশি ড্রাই ডক নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের দুইটা ড্রাইডকই আমরা নৌবাহিনীকে দিয়ে দিয়েছি। আমরা নিজেদের দেশে স্বল্প পরিসরে জাহাজ বানানো শুরু করেছি। মেরামতের কাজও আমরা করছি। বন্ধুপ্রতিম দেশের সঙ্গে যৌথভাবে যেখানে যা প্রয়োজন আমরা করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এক অদৃশ্য অশুভ শক্তি করোনাভাইরাস। এই অদৃশ্য শক্তির আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে, অর্থনীতি, যাতায়াতসহ সবকিছু স্থবির হয়ে গেছে। সামাজিক যোগাযোগ থেকে সবকিছুতে একটা ভীতির সৃষ্টি হয়েছে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি পাব। সারা বিশ্ব মুক্তিপাক আমরাও যেন মুক্তি পাই।